ডাল দিয়ে পিঁয়াজু, চচ্চড়ি, মুড়োঘণ্ট ইত্যাদি কত প্রকারের খাবার যে আমরা রান্না করে থাকি, তার কোনও ইয়ত্তা নেই। কিন্তু ডালের কাবাব খেয়েছেন কখনও? হ্যাঁ, ডাল দিয়েও সম্ভব জিভে জল আনা কাবাব। আর সাথে যদি একটু সবজি হয়, তাহলে তো সোনায় সোহাগা! বৃষ্টির দিনের বিকেল গুলোতে চমৎকার লাগবে এই কাবাব, আবার পরিবেশন করা যাবে ভাত কিংবা পোলাওয়ের সাথেও। আসুন, জেনে নেই রন্ধন প্রণালী।
উপকরণ-
মুসুরির ডাল- আধা কাপ
মুগের ডাল- আধা কাপ
গাজর কুচি- ১/৪ কাপ
পালং শাক কুচি- ১/২ কাপ
সিদ্ধ আলু কুচি- ১/৪ কাপ
মটর শুঁটি- ১/৪ কাপ (ঐচ্ছিক)
কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা কুচি- ইচ্ছামত
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচ গুঁড়া- ইচ্ছামত
জিরা ভাজা গুঁড়া- ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়া- ১/৪ চা চামচ
পুদিনা পাতা বাটা- ১ চা চামচ
লেবুর খোসা মিহি কুচি- ১/৪ চা চামচ
ডিম- ১ টি
লবণ স্বাদমত
চাট মশলা- ১/২ চা চামচ
প্রণালী-
ডাল গুলোকে একত্রে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর মিহি করে বেটে নিতে হবে। বাটা ডালের মাঝে ডিম বাদে সমস্ত উপকরণ মিশিয়ে ভালো করে মাখাতে হবে। এইবার অল্প অল্প করে ডিম দিতে হবে। ডিমটা মূলত “বাইন্ডার” হিশাবে কাজ করবে। ডিমের আকারের ওপর ভিত্তি করে কম-বেশি হতে পারে। তাই অল্প অল্প করে দেয়াই ভালো। যখন দেখবেন যে বেশ চপের আকারে গড়ে নেয়ার মতন অবস্থায় এসেছে, তখন বুঝবেন যে ডিম প্রয়োজন নেই আর।
এই কাবাব ডুবো তেলে ভাজা লাগে না, মোটামুটি পরিমাণ তেল হলেই চলে। ছড়ানো প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে গড়ে নিন পছন্দমতন আকারে। এবং সময় নিয়ে যত্ন করে ভাজুন, যেন ভালোভাবে রান্না হয় ভেতরে।
চাইলে ওভেনে বেকও করতে পারেন। ট্রে-তে তেল মাখিয়ে কাবাব গুলো দিয়ে দিন, ওপরে তেল ছড়িয়ে দিন আরও একটু। তারপর প্রি হিট করা ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় বেক করে নিন লাল হওয়া পর্যন্ত।
ডিম ছাড়া ডালের এই মিশ্রণ ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন বেশ অনেকদিন। প্রয়োজনের সময় কেবল বের করে ভেজে নিলেই হবে।
পরিবেশন করুন তাজা সালাদ আর চাইলে একটুখানি টক দই দিয়ে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন