দারুন স্বাদের চিংড়ির মালাই কোফতা:
চিংড়ির কোফতা তৈরিতে যা যা লাগবে-
* খোসা ছাড়ানো চিংড়ি বাটা- ২ কাপ
* কাঁচা মরিচ বাটা- ১/৪ চা চামচ
* রসুন বাটা- ১/২ চা চামচ
* পেয়াজ বাটা- ৩ টেবিল চামচ
* ডিমের সাদা অংশ- একটি (বাইন্ডিং-এর জন্য)
* তেল- ৫ কাপ (কোফতা ডুবো তেলে ভাজার জন্য)
* কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ (না দিলেও পারেন)
* লবন- স্বাদমতো
নারিকেলের মালাই তৈরিতে যা যা লাগবে-
* কোড়ানো নারিকেল- ২ কাপ
* কুসুম গরম পানি- ১ কাপ
* গুঁড়া হলুদ- ১ চা চামচ
* আদা বাটা- ১/২ চা চামচ
* রসুন বাটা- ১/২ চা চামচ
* পেয়াজ বাটা- ১/২ কাপ
* পেয়াজ বেরেস্তা- ৩ টেবিল চামচ
* দারচিনি ২সে.মি- ২টুকরা
* তেল- ৩ টেবিল চামচ (মশলা কষাতে)
* চিনি- ১/২ চা চামচ (স্বাদের জন্য)
* কাঁচামরিচ-৪টি
* ধনে পাতা- ১ টেবিল চামচ
* লবন- স্বাদমতো
কোফতা তৈরির প্রণালী-
- একটি বাটিতে খোসা ছাড়ানো চিংড়ি বাটা ঢেলে, এতে লবন, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, পিঁয়াজ বাটা ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে নিন। যদি মিশ্রণটি একটু পাতলা হয়ে আসে কিছুটা শক্ত করার জন্য সামান্য পরিমানে কর্নফ্লাওয়ার দিতে পারেন।
- মশলা মেশানো বাটা চিংড়ি মাছ গুলোকে হাতের তালুর উপর ঘুরিয়ে ছোট ছোট বলের মতো আকার দিন।
- এবার এই কোফতা গুলোকে ডুবো তেলে ভাজার জন্য চুলার উপর কড়াই বসান। তেল গরম হয়ে এলে তাতে একে একে কোফতা গুলো ছেড়ে দিন।
- কোফতা গুলো কিছুটা বাদামী রং ধারণ করলে এগুলোকে তেল থেকে তুলে, ন্যাপকিনের উপরে রাখুন।
নারিকেলের মালাই তৈরির প্রণালী-
- প্রথমে কুসুম গরম পানিতে নারিকেল ২-৩ মিনিট ভিজিয়ে রাখুন। পাটায় নারিকেল বেটে নিয়ে আধকাপ দুধ বের করে ছেঁকে নিন। তারপর বাটা নারিকেলে আরও আধা কাপ পানি দিয়ে ১/২ কাপ দুধ বের করে আলাদা করে নিন। চাইলে এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন।
- একটি কড়াইতে তেল দিয়ে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ, হলুদ, লবন ও দারচিনি দিয়ে ভালভাবে কষান।
- যখন কষানো মশলা দিয়ে তেল ভেসে উঠতে শুরু করবে তখন দ্বিতীয়বারে বের করা নারিকেলের দুধ ঢেলে দিয়ে এতে চিনি দিয়ে দিন। ৭-৮ মিনিট পর্যন্ত মালাইকারিটি ভালভাবে কষাতে থাকুন।
- পানি শুকিয়ে এলে প্রথমবারে পাওয়া নারিকেলের ঘন দুধ এতে দিয়ে দিন। কারিটি ফুটতে শুরু করলে এতে ভাজা কোফতা গুলো একে একে ছেড়ে দিন।
- ঢাকনা দিয়ে মৃদু আঁচে মালাইকারিটি ৫ মিনিটের জন্য চুলার উপরে রাখুন। এতক্ষণে দেখবেন কোফতা গুলো কারির ঝোল শুষে নিয়েছে।
- এতে পেয়াজ বেরেস্তা ও ধনে পাতা কুঁচি ছিটিয়ে চুলা থেকে তুলে ফেলুন।
ভাত কিংবা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন দারুন স্বাদের “চিংড়ির মালাই কোফতা”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন